দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার বালি উপকূলবর্তী উত্তাল সাগরে যাত্রীবাহী একটি ফেরিডুবির ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। বুধবার (৩০ জুন) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর এএফপির।
দ্বীপটির পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল। ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল।
এ দিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা পানি থেকে সাতটি মরদেহ উদ্ধার করেছে। এ সময় তারা ১১ জনের নিখোঁজ থাকার কথাও জানায়।
বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি।
তিনি আরও বলেন, গত রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। যদিও দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।